নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা এলাকায় অবস্থিত জেরা মেঘনাঘাট পাওয়ার লিমিটেড এর ক্যানটিনে গ্যাস বিস্ফোরণের ঘটনায় অন্তত ১২ জন দগ্ধ হয়েছেন। বুধবার (১৩ মে) দুপুরে প্রতিষ্ঠানটির ক্যানটিনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ক্যানটিনে রান্নার কাজ চলাকালে হঠাৎ গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং সেখানে থাকা শ্রমিক ও কর্মচারীরা দগ্ধ হন। পরে আহতদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। ঘটনার পর কারখানার ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কর্মরত শ্রমিকদের মধ্যে চরম উদ্বেগ দেখা দেয়।
এদিকে ঘটনা সম্পর্কে তথ্য সংগ্রহ করতে গেলে কয়েকজন সাংবাদিককে বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ উঠেছে। সাংবাদিকরা জানান, কারখানার নিরাপত্তাকর্মীরা ভেতরে প্রবেশ ও ভিডিও ধারণে বাধা দেন। এমনকি আহতদের অবস্থা ও ঘটনার বিস্তারিত তথ্য নিতেও নানা প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয়।
তবে এ বিষয়ে এখনো প্রতিষ্ঠান কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার পর স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিস্ফোরণের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্তের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।


