অভিনেত্রী জেবা জান্নাতের লিখিত অভিযোগের পর স্থগিত হয়ে গেল অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীরের সিনেমা ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’র সেন্সর সনদ। আগামী ১৫ মে মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে এ সিদ্ধান্তে সিনেমার মুক্তি কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে। তবে হার না মানার দলে থাকতে চান হাসান জাহাঙ্গীর। সিনেমাটির মুক্তির বিষয়ে হাইকোর্টে যাবেন তিনি।
এদিকে, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি সিনেমাটির বিরুদ্ধে অভিযোগ ও মুক্তি বাতিল প্রসঙ্গে বলেছেন, ‘শুরুতে চলচ্চিত্রটিকে সেন্সর ছাড়পত্র দেওয়া হয়েছিল। সে সময় এ নিয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। পরে জেবা জান্নাত লিখিত অভিযোগ করেন যে, তার সঙ্গে কাজটির জন্য নাটক হিসেবে চুক্তি করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে সেটিকে সিনেমা হিসেবে মুক্তির প্রস্তুতি নেওয়া হলে তিনি আপত্তি জানান। সিনেমার জন্য তার সঙ্গে কোনো চুক্তি হয়নি। সেই কারণেই মুক্তির অনুমতি বাতিল করা হয়েছে।’
এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন সিনেমার নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর। তিনি হাইকোর্টে রিট করবেন জানিয়ে বলছেন, ‘আমার সিনেমা এরইমধ্যে ৫০ টির বেশি সিনেমা হলে বুকিং দিয়েছি। সিনেমার জন্য হল মালিকরা আগ্রহ দেখাচ্ছেন, এমন সময়ে সিনেমার মুক্তি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া মোটেও ভালো সিদ্ধান্ত হতে পারে না। আমি এখন পর্যন্ত কোনো কাগজ পাইনি। মুক্তি বাতিলের কাগজ হাতে পেলে আমি হাইকোর্টে যাব।’
তিনি আরও বলেন, ‘একজন অভিনেত্রীর অভিযোগের প্রেক্ষিতে যে কি না কোনো শিল্পী সংঘের সদস্যও না তার দাবির প্রেক্ষিতে একটি সিনেমার মুক্তি আটকে যাবে এ কেমন কথা? দেশে কি কোনো আইন কানুন নেই?।’
এর আগে, সিনেমাটি নিয়ে আপত্তি তুলেছিলেন অভিনেত্রী মৌসুমী। তার দাবি- যুক্তরাষ্ট্রে এক ঘণ্টার নাটক হিসেবে কাজটির শুটিংয়ে অংশ নিয়েছিলেন তিনি। পরে সেটিকে টেলিফিল্ম করার কথা বলা হলেও সম্প্রতি তিনি জানতে পারেন, এটি সিনেমা হিসেবে মুক্তির প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, হাসান জাহাঙ্গীর ও জেবা জান্নাত।
পড়ুন:কানের প্রথম দিন আর ফ্যাশনের কেন্দ্রবিন্দুতে আলিয়া ভাট
দেখুন:অক্টোপাস ‘পল’ থেকে জাদুকরদের ভবিষ্যদ্বাণী-বিশ্বকাপের সবচেয়ে পাগলাটে গল্প |
ইমি/


