সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীরা এক কৃষকের ফসলের মাঠ পাকা ধান কেটে দিচ্ছেন, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (১৫ মে) খোজ নিয়ে জানা যায়, উপজেলার পঞ্চকোশী ইউনিয়নের ভদ্রকোল গ্রামের একটি ফসলি জমিতে ছাত্রলীগের ৮ থেকে ১০ জন নেতাকর্মী এক কৃষকের পাকা ধান কেটে দিচ্ছেন এবং মাথায় নিয়ে যাচ্ছে।
ভিডিওতে দেখা যায় এক যুবক বলছে, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রী সহ-সভাপতি ভিডি ফরহাৎ ভাইয়ের দিক নির্দেশনায় উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে সাধারণ খেটে খাওয়া কৃষকের ধান কেটে দিচ্ছি। সাধারণ মানুষের পাশে থাকবে ছাত্রলীগ, এই কথার পরে জয় বাংলা স্লোগান দিয়ে ধান করতে শুরু করে।
নাম প্রকাশ না করার শর্তে ছাত্রলীগের এক নেতা বলেন, আমাদের কার্যক্রম এখন নিষিদ্ধ। পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতারা আমাদের ওপর মামলা ও হামলার ভয় দেখিয়ে এলাকাছাড়া করেছে। তাই আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে দলীয় কর্মসূচি এবং সামাজিক কাজে অংশ নেই। গত দেড় বছরে বিভিন্ন স্থানে মানুষের উপকারে আসে, এমন সামাজিক কাজ করেছি। আস্তে আস্তে এ কাজগুলো সংখ্যা বৃদ্ধি করব। সামনে চেষ্টা করব তা প্রকাশ্য করার।
এ বিষয়ে জানতে চাইলে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুজ্জামান বলেন, কৃষকদের ধান কেটে দিচ্ছে, এমন একটি ভিডিও আমরা দেখেছি। তবে, কোন এলাকার এমন কাজ করেছে, তা খোঁজা হচ্ছে। ভিডিওতে যাঁদের দেখা গেছে, তাঁদের শনাক্ত করার কাজ চলছে। শনাক্ত করা গেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
২০২৪ সালের (৫ আগষ্ট) আওয়ামী লীগ সরকারের পতনের পর জেলার ছাত্রলীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে গেছে। সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধ করার পর থেকে প্রকাশ্যে আর তাদের কোনো কর্মসূচি করতে দেখা যায়নি বলে তিনি জানিয়েছেন।


