সাধারণ গ্রাহক পর্যায়ে জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে ৫ রুপি করে কমিয়েছে দেশটি। গতকাল শুক্রবার (১৫ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীন পেট্রোলিয়াম বিভাগ।
পেট্রোলিয়াম বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন থেকে পাকিস্তানে গ্রাহক পর্যায়ে প্রতি লিটার পেট্রোল ৪০৯ দশমিক ৭৮ রুপিতে এবং প্রতি লিটার হাই-স্পিড ডিজেল ৪০৯ দশমিক ৫৮ রুপিতে বিক্রি হবে।
এই বিজ্ঞপ্তি অনুসারে, পাকিস্তানে খুচরা পর্যায়ে যে দামে পেট্রোল ও ডিজেল বিক্রি হয়ে আসছিল, তার তুলনায় উভয় জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ৫ টাকা হ্রাস করেছে সরকার। আজ (শনিবার) থেকে দেশটিতে পেট্রোল-ডিজেলের নতুন দাম কার্যকর হবে।
সপ্তাহ দুয়েক আগেই অবশ্য সাধারণ গ্রাহক পর্যায়ে পেট্রোলের দাম (প্রতি লিটারে) ১৪ দশমিক ৯২ রুপি এবং ডিজেলের দাম (প্রতি লিটারে) ১৫ রুপি বাড়িয়েছিল পাকিস্তান। সেই বর্ধিত দাম থেকেই এবার ৫ রুপি কমানো হলো।
পাকিস্তান বরাবরই জ্বালানি তেলের দাম নির্ধারণে আন্তর্জাতিক বাজার মূল্যায়নের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়। আগে ১৫ দিন পর পর বাজার বিশ্লেষণ করা হতো, তবে গত ২৮ ফেব্রুয়ারি ইরান বনাম যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে প্রতি সপ্তাহে আন্তর্জাতিক বাজার পর্যালোচনা করছে দেশটি।
সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

