যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার যৌথ সামরিক অভিযানে ইসলামিক স্টেটের (আইএস) এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
ট্রাম্প বলেন, তাঁর নির্দেশে মার্কিন বাহিনী ও নাইজেরিয়ার সশস্ত্র বাহিনী অত্যন্ত নিখুঁতভাবে একটি সুপরিকল্পিত ও জটিল অভিযান পরিচালনা করে। অভিযানের লক্ষ্য ছিল বিশ্বের অন্যতম সক্রিয় সন্ত্রাসীকে নির্মূল করা।
তিনি দাবি করেন, অভিযানে নিহত ব্যক্তি হলেন “আবু-বিলাল আল-মিনুকি”, যিনি আইএসআইএসের বৈশ্বিক সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ট্রাম্প আরও বলেন, এই কমান্ডার আফ্রিকার মানুষদের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং মার্কিনিদের লক্ষ্য করে হামলার পরিকল্পনায় জড়িত ছিলেন। তার মৃত্যুর ফলে আইএসের কার্যক্রমে বড় ধাক্কা লাগবে বলেও মন্তব্য করেন তিনি।
এটি প্রথমবার নয়, এর আগেও নাইজেরিয়ায় আইএস সদস্যদের বিরুদ্ধে প্রাণঘাতী হামলার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। গত ডিসেম্বরে তিনি উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় আইএসবিরোধী একটি “শক্তিশালী ও প্রাণঘাতী হামলার” নির্দেশ দেওয়ার কথা জানিয়েছিলেন। সে সময় তিনি খ্রিষ্টানদের ওপর হামলার অভিযোগও তুলেছিলেন।
পড়ুন: ইরান প্রসঙ্গে ট্রাম্প: হয় তারা চুক্তি করবে, না হলে ভয়াবহ পরিণতি ভোগ করবে


