সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৮৯০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট,মোটরসাইকেল ও হেলমেটসহ এক বাংলাদেশি যুবককে আটক করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন, ২৮ বিজিবি।
বিজিবি জানায়, গত ১৫ মে শুক্রবার বিকেল আনুমানিক ৫টা ৫০ মিনিটে বিরেন্দ্রনগর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মো. সাগর নামের ২০ বছর বয়সী এক যুবককে আটক করা হয়। তিনি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে মোটরসাইকেলযোগে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা নিয়ে বাংলাদেশে ফিরছিলেন। সীমান্ত পিলার ১১৯৩/৪-এস থেকে প্রায় ১২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিরেন্দ্রনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটকের সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৮৯০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট। যার আনুমানিক মূল্য ৫ লাখ ৬৭ হাজার টাকা। এছাড়া মোটরসাইকেল ও হেলমেটসহ জব্দকৃত মালামালের মোট মূল্য প্রায় ৬ লাখ ৬৮ হাজার টাকা। বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তি ও জব্দকৃত আলামত তাহিরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
পড়ুন- হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, ২ মাসে প্রাণহানি ছাড়াল ৪৫০


