চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিলভাতিয়া সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ (Eskuf) সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৭ মে) ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধীনস্থ বিলভাতিয়া বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। টহল দলের নেতৃত্ব দেন হাবিলদার মো. নওশাদ আলী।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১৯০/২-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের দৌলতবাড়ী গ্রামের ভাতিয়া বিল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৯৮ বোতল ফেন্সিডিলের বিকল্প ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ উদ্ধার করা হয়।
আটককৃত সিরাপগুলো জিডি মূলে শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি অভিযান ও মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।


