স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে।
মঙ্গলবার (১৯ মে) বগুড়ায় জেলা প্রশাসক নিয়োগ সংক্রান্ত আলোচনার পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, “প্রথমে বাজেটের ভিত্তিতে নির্বাচনের খরচ নির্ধারণ করা হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে, এরপর ধাপে ধাপে অন্যান্য নির্বাচন সম্পন্ন করা হবে। আগামী এক বছরের মধ্যে পাঁচ স্তরের স্থানীয় সরকার নির্বাচন শেষ করা হবে।”
এদিকে, দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে আত্মপ্রকাশ করা বগুড়ায় নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় বিএনপির সহসভাপতি এম. আর. ইসলাম স্বাধীনকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আরও জানান, নতুন সিটি করপোরেশনগুলোর কার্যক্রম গতিশীল করতে চলতি অর্থবছরেই প্রাথমিকভাবে ৩০ থেকে ৩৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে, যার মধ্যে বগুড়া সিটি করপোরেশনের জন্যও দ্রুত বরাদ্দ প্রদান করা হবে। এছাড়া, আগামী বাজেটে নির্বাচনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখার বিষয়টি নিয়ে ইতোমধ্যে নির্বাচন কমিশনকে চিঠি পাঠানো হয়েছে। কমিশন ব্যয়ের হিসাব পাঠানোর পর অর্থবিভাগ, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন যৌথভাবে নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করবে।
পড়ুন: আধুনিক রাষ্ট্রব্যবস্থা গড়তে জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই: প্রধানমন্ত্রী


