কিশোরগঞ্জের ভৈরবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৯৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে ২০২৬) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ভৈরব থানাধীন দুর্জয়মোড় এলাকার নূরানী ড্রাই ক্লিনার লন্ড্রির উত্তর পাশে পাকা সড়কে এ অভিযান পরিচালিত হয়।
আটক ব্যক্তি সাগর হোসেন আব্দুল কাইয়ুম (৫৮)। তিনি বর্তমানে ভৈরব উপজেলার জগন্নাথপুর এলাকায় ভুট্টু মিয়া বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। তার স্থায়ী ঠিকানা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার রাধানগর বণিকপাড়া।
অভিযানকালে তার ডান পায়ের উরুতে পরিহিত মোজার ভেতর বিশেষভাবে লুকানো অবস্থায় স্কচটেপে মোড়ানো একটি সাদা কাগজের প্যাকেট থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মধ্যে ৯টি কালো জিপারযুক্ত পলিপ্যাকে ১৮০০ পিস এবং অপর একটি পলিপ্যাকে ১৮০ পিস ইয়াবা ছিল। সর্বমোট ১৯৮০ পিস ইয়াবা জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


