“মৌমাছি বাঁচলে প্রকৃতি বাঁচবে, প্রকৃতি বাঁচলে পৃথিবী বাঁচবে” প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে পালিত হয়েছে বিশ্ব মৌমাছি দিবস-২০২৬। এ উপলক্ষে জেলা মৌমাছি সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার (২০ মে) সকালে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নীলফামারী শহরের স্কাই ভিউ রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় বক্তারা মৌমাছি সংরক্ষণ, মধু উৎপাদন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষি উৎপাদনে মৌমাছির গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, মৌমাছি শুধু মধু উৎপাদনের উৎস নয়, বরং কৃষি ফসলের পরাগায়নের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রকৃতি ও পরিবেশ রক্ষায় মৌমাছি সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আল ফারুক আব্দুল লতিফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিকের উপ-ব্যবস্থাপক মোঃ নুরেল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারী জেলার অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মোঃ জাকির হোসেন, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) নীলফামারী জেলা সভাপতি আব্দুল মোমিন, দিনাজপুরের বাঁশেরহাট মৌমাছি পালন কেন্দ্রের সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রুহুল আমিন এবং ইউসিবি ব্যাংকের ক্রেডিট অফিসার কৌশিক রায়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন নীলফামারী জেলা মৌমাছি সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সুমন ইসলাম।
পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সেপটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু


