ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনে ওঠার সময় এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন চুরির অভিযোগ উঠেছে সংঘবদ্ধ নারী চোরচক্রের বিরুদ্ধে। এ ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার সকাল পৌনে ১১টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা মহানগর প্রভাতী ট্রেনের ‘ও’ বগিতে ওঠেন নূরজাহান আক্তার। এ সময় কালো বোরকা পরা ৬ থেকে ৭ জন নারী ট্রেনের দরজার সামনে কৃত্রিম জটলা তৈরি করে তাঁকে ঘিরে ধরে। ওই ফাঁকে তাঁর গলায় থাকা প্রায় ১৪ আনা ওজনের স্বর্ণের চেইন কৌশলে চুরি করে নিয়ে যায়। চেইনটির আনুমানিক মূল্য ২ লাখ ১৮ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
নূরজাহান আক্তারের স্বামী মুহম্মদ হাবিবুর রশিদ, যিনি বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চবিদ্যালয় আখাউড়ার সহকারী শিক্ষক, তিনি আখাউড়া রেলওয়ে থানায় এ অভিযোগ দায়ের করেন।
তিনি এ প্রতিবেদককে জানান, ট্রেনে নিজের আসনে বসার পর নূরজাহান আক্তার গলায় হাত দিয়ে চেইন না পেয়ে বিষয়টি বুঝতে পারেন। পরে দরজার কাছে গিয়ে সন্দেহভাজন নারীদের খুঁজলেও তাঁরা সাধারণ যাত্রীদের সঙ্গে মিশে যান।
স্থানীয়দের ধারণা, ওই নারীরা একটি সংঘবদ্ধ চোরচক্রের সদস্য। তারা ট্রেনের দরজার সামনে জটলা সৃষ্টি করে যাত্রীদের স্বর্ণালংকার চুরি করে থাকে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধারে পুলিশ কাজ করছে।”
পড়ুন : ৪২ কেজিতে মণ! দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ধান ব্যবসায়ীকে জরিমানা


