ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (২২ মে) দুপুরে জুমার নামাজের পর এ ঘটনা ঘটে। হামলার ঘটনার পর তিনি ঝিনাইদহের সদর থানায় হেফাজতে আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ তার সঙ্গে কথা বলতে যান। তখন পেছন দিক থেকে কিছু যুবক ডিম নিক্ষেপ করে এবং হামলা চালায়।
এতে এনসিপির কয়েকজন স্থানীয় যুবক আহত হন। এই ঘটনার পর এনসিপির নেতারা বিক্ষোভ করেন। তারা স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করেন এবং হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
হামলার পর ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ঝিনাইদহে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের ঠিক বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মী পুলিশের উপস্থিতিতেই হামলা শুরু করে। প্রথমে ডিম, ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, এরপর হকিস্টিক দিয়ে অতর্কিতভাবে আঘাত করা হয়। তিনজনের মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং বেশ কয়েকজন আহত হন। আমাকে লক্ষ্য করেও কিল-ঘুষি মারা হয়। এ সময় হামলাকারীরা মোবাইল ফোন, ক্যামেরা এবং মানিব্যাগ ছিনিয়ে নেয়।
ঘটনার পর থানায় অবস্থান করছেন জানিয়ে তিনি বলেন, মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। ছাত্রদল, যুবদল, বিএনপি আবার থানার সামনে হামলার প্রস্তুতি নিচ্ছে।
পড়ুন: সড়ক দুর্ঘটনায় মৃত্যুর দায় রাষ্ট্রের: সড়ক ও সেতুমন্ত্রী
আর/


