বিজ্ঞাপন

জামালপুরে কোরবানির পশু পরিবহনে চালু “ক্যাটল ট্রেন সার্ভিস”

কোরবানির ঈদকে সামনে রেখে যমুনা ও ব্রহ্মপুত্র নদনদী বেষ্টিত চরাঞ্চলের খামারগুলোতে এখন ব্যস্ত সময় পার করছেন প্রান্তিক খামারিরা। এসব এলাকার কোরবানির পশু নিরাপদে ও কম খরচে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বিগত বছরের ধারাবাহিকতায় এবারও চালু করা হয়েছে বিশেষ “ক্যাটল ট্রেন সার্ভিস”।

বিজ্ঞাপন

চরাঞ্চলে প্রাকৃতিক পরিবেশে লালন-পালন করা হয়েছে হাজার হাজার গরু ও অন্যান্য কোরবানির পশু। জেলা প্রাণিসম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, ছোট-বড় মিলিয়ে প্রায় ১২ হাজারের বেশি খামারি এবার ঈদ উপলক্ষে পশু প্রস্তুত করেছেন। স্থানীয় চাহিদা পূরণ করে এসব পশু ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হবে।

তবে সড়কপথে পশু পরিবহনে নানা ভোগান্তি ও অতিরিক্ত ভাড়া, যানজট, দুর্ঘটনার ঝুঁকি এবং পথে নানা জটিলতায় বাড়তো খরচ ও দুর্ভোগ। এসব সমস্যা কমাতেই চালু করা হয়েছে বিশেষ ক্যাটল ট্রেন সার্ভিস।

রেলওয়ে সূত্র জানায়, শুক্রবার বিকেল ৩টায় জামালপুরের থেকে ২৫টি ওয়াগনে গরু নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে প্রথম ক্যাটল ট্রেন। একই দিন সন্ধ্যা ৭টায় ছাড়বে আরও একটি ট্রেন এবং শনিবার বিকেলেও পরিচালিত হবে আরেকটি ট্রেন। প্রতিটি ওয়াগনে ১৬টি গরু পরিবহনের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা। তিনটি ট্রেনে মোট প্রায় ১ হাজার ২০০ গরু ঢাকায় পরিবহন করা হবে।

নিরাপদ, ঝুঁকিমুক্ত এবং তুলনামূলক কম খরচে পশু পরিবহনের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন খামারি ও ব্যবসায়ীরা। তারা বলছেন, রেলপথে পশু পরিবহন হলে সময় ও খরচ—দুইই সাশ্রয় হচ্ছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, পশু ওঠানো থেকে শুরু করে গন্তব্য স্টেশনে পৌঁছানো পর্যন্ত সার্বক্ষণিক তদারকি ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। নির্ধারিত সময়ে ট্রেন পরিচালনার পাশাপাশি পশুর নিরাপদ পরিবহনে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.আব্দুল আলীম জানান, পশু পরিবহন নিরাপদ রাখতে এবং পশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।

ইসলামপুর রেল স্টেশন মাস্টার শাহিন মিয়া বলেন, “খামারিদের সুবিধার কথা বিবেচনা করেই ক্যাটল ট্রেন সার্ভিস চালু রাখা হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই সেবা চালুর পরিকল্পনা রয়েছে।”

স্বল্প খরচে নিরাপদ পশু পরিবহনে রেলওয়ের এই উদ্যোগে স্বস্তি ফিরেছে চরাঞ্চলের প্রান্তিক খামারিদের মাঝে। সংশ্লিষ্টদের মতে, কোরবানির ঈদকে ঘিরে এমন উদ্যোগ দেশের পশু বাজার ব্যবস্থাপনাকে আরও গতিশীল ও সুশৃঙ্খল করবে।

পড়ুন- সীমান্তে ভারতীয় চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন