ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। ঘটনার সময় এক যুবককে অস্ত্র বের করে উদ্যত হতে দেখা গেছে। একই সঙ্গে চারপাশ থেকে ‘ভাইকে সেইফ করেন, ভাইকে সেইফ করেন’ বলে চিৎকার করার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। তবে অস্ত্রটি আগ্নেয়াস্ত্র বা অন্য কোন ধরনের হাতিয়ার, সেটি স্পষ্টভাবে ভিডিওতে বোঝা যায়নি। ওই যুবক কোন পক্ষের সেটিও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শুক্রবার (২২ মে) বেলা দুইটার পর ঝিনাইদহ পৌর কালেক্টরেট জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ভাইরাল হওয়া ভিডিও সূত্রে জানা যায়, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর হঠাৎ নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। এর পরপরই সেখানে চরম উত্তেজনা ও হট্টগোল শুরু হয়।
ছড়ানো ভিডিওতে স্পষ্ট দেখা যায়, বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে এক যুবক পকেট থেকে অস্ত্রসদৃশ বস্তু বের করেন। ঠিক সেই মুহূর্তেই পাশ থেকে আরেক যুবক তার হাত চেপে ধরে তাকে বিরত রাখেন। তবে সেটি কি ধরনের অস্ত্র, তাৎক্ষণিকভাবে বিষয়টি বোঝা যায়নি।
ভিডিওতে আরও দেখা যায়, হামলার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর চারপাশের লোকজন আতঙ্কিত হয়ে ‘ভাইকে সেইফ করেন, ভাইকে সেইফ করেন’ বলে চিৎকার করতে থাকেন এবং তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার চেষ্টা করেন।
এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত হামলার সুনির্দিষ্ট কারণ বা অস্ত্রধারী যুবকের পরিচয় জানা যায়নি।
হামলার ঘটনার বিষয়ে বেলা ৩টা ১০ মিনিটে নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, ‘ঝিনাইদহে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের ঠিক বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমআর নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা পুলিশের উপস্থিতিতে হামলা শুরু করে। প্রথমে ডিম, ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, এরপর হকিস্টিক দিয়ে অতর্কিতভাবে আঘাত করা হয়। তিনজনের মাথা ফাটিয়ে দেয়া হয় এবং বেশ কয়েকজন আহত হন। আমাকে এবং এনসিপির যুগ্ম সদস্য তারেক রেজাকে লক্ষ্য করেও কিল-ঘুষি মারা হয়।’
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

