২২ মে ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের সোনারায় বাজার মোড়ে (ডোমার–দেবিগঞ্জ) আঞ্চলিক মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন ব্যক্তি নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল আনুমানিক ১৮:৩০ ঘটিকার সময় দেবিগঞ্জগামী একটি ট্রাক ও নীলফামারীগামী ‘মিথিলা’ নামের একটি যাত্রীবাহী গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মিথিলা গাড়ির চালক মমিনুল ইসলাম (৩৮), পিতা- মৃত মফিজ উদ্দিন, সাং- চিলাহাটি সবুজপাড়া, থানা- ডোমার, জেলা- নীলফামারী ঘটনাস্থলেই নিহত হন।
অন্যদিকে, দুর্ঘটনার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারী শ্রী বিকাশ চন্দ্র (২৫), পিতা- অকীন্দ্র চন্দ্র রায়, সাং- মাহিগঞ্জ, থানা- ডোমার, জেলা- নীলফামারী দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গেলে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে ডোমার ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর পেয়ে ডোমার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এ ঘটনায় একটি দশ চাকার ট্রাক (ঢাকা-মেট্রো-ট-২০-৬৬০৯) ও একটি মিথিলা গাড়ি আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পড়ুন : মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু


