দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছে। আজ শনিবার (২৩ মে) সকাল ৯টায় ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারের কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন-ঘোড়াঘাট উপজেলার নুরপুর এলাকার আব্দুল মোশারফের ছেলে আল আমিন (১৫), মোখলেসপুর এলাকার সালিমুদ্দিনের ছেলে সৈকত (১৬) আফসারাবাদ কলোনী এলাকার সহমেষউদ্দীনের ছেলে কাইয়ুম (২০)।
বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম। তিনি জানান, উপজেলার রানীগঞ্জ বাজারের কাছে সকাল ৯টার দিকে একই মোটরসাইকেলে থাকা ৩ আরোহী মোটরসাইকেলে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক পার হচ্ছিল। এসময় গাজীপুর থেকে নবাবগঞ্জে যাওয়ার পথে মুরগীর খাদ্য বোঝাই একটি ট্রাকের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর অপর ২ জনের মৃত্যু হয়।
আমরা ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক ও মোটরসাইকেল টি থানায় এনেছি এবং ট্রাকের হেলপার কে আটক করেছি। ট্রাকটির ড্রাইভার পলাতক আছে এবং আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।


