রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার ডিএনএ (ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড) টেস্ট রিপোর্ট সম্পন্ন হয়েছে। আগামীকাল রোববার (২৪ মে) মামলার অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২৩ মে) মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ডিএনএ রিপোর্ট হাতে পেলেই চার্জশিট দাখিল করা হবে। আশা করছি, আগামীকালই আদালতে চার্জশিট জমা দিতে পারব।
এর আগে গত বুধবার (২০ মে) মামলার প্রধান আসামি সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করেন এবং পরে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা যায়, ১৯ মে সকালে শিশুটিকে ঘর থেকে ডেকে নেওয়ার পর ওই নৃশংস ঘটনা ঘটে। পরে ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং তদন্ত শুরু করে।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় পরবর্তীতে ফতুল্লা এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

