ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে মাসুম মিয়া (৪৫) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের দরুইন গ্রামে বাড়ির পাশের রেললাইনে এ ঘটনা ঘটে।
নিহত মাসুম মিয়া দরুইন গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।
স্থানীয়দের ভাষ্য, দিনভর অটোরিকশা চালানোর পর কিছু কেনাকাটা করে বাড়ি ফিরছিলেন মাসুম। পথে একটি আন্তঃনগর ট্রেনের সঙ্গে দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনার কারণ জানার চেষ্টা চলছে।
বিজ্ঞাপন


