দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষকে ঘিরে প্রিয়জনের সঙ্গে উৎসব উদযাপনে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন উত্তরবঙ্গগামী লাখো মানুষ।
উত্তরবঙ্গের মহাসড়কে স্বস্তিদায়ক যান চলাচল থাকলেও অতিরিক্ত ভাড়া ও যানবাহনের সংকটের কারণে অনেক যাত্রীকে জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকের ছাদে ও খোলা পণ্যবাহী যানবাহনে যাতায়াত করতে দেখা গেছে।
মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জের কড্ডার মোড়, যমুনা সেতু পশ্চিম গোলচত্বর ও মহাসড়কের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।
যমুনা সেতু পশ্চিম মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও দীর্ঘ যানজটের কোনো দৃশ্য চোখে পড়েনি। ফলে স্বস্তিতে বাড়ির পথে রওনা হয়েছেন ঘরমুখো মানুষ।
গাজীপুর থেকে বাড়ির উদ্দেশে রওনা হওয়া গার্মেন্টস কর্মী সাইফুল ইসলাম বলেন, বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাধ্য হয়ে ২০০ টাকা ভাড়া দিয়ে বাড়ি ফিরছি। সেতুর পূর্বপাড়ে কিছুটা যানজট থাকলেও পশ্চিমপাড়ে তেমন কোনো যানজট নেই। তাই দ্রুতই গন্তব্যের দিকে এগোতে পারছি। তবে, মহাসড়কে বেশ কয়েকটি ট্রাকের ছাদে যাত্রী বহনের দৃশ্যও দেখা গেছে।
বগুড়াগামী একটি ট্রাকের চালক স্বাধীন বলেন, গরুর হাটে পশু পৌঁছে দিয়ে খালি গাড়ি নিয়ে বগুড়ায় ফিরছি। পথে কয়েকজন যাত্রী ওঠায় তাদের নিয়ে যাচ্ছি।
পরিবহন চালকদের ভাষ্য, এবার ঈদযাত্রায় সড়কের অবস্থা তুলনামূলক ভালো থাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে কিছু এলাকায় অতিরিক্ত যাত্রীর চাপ থাকায় যাত্রীরা বিকল্প উপায়ে বাড়ি ফেরার চেষ্টা করছেন।
একটি দূরপাল্লার বাসের চালক আয়েজ উদ্দিন বলেন, সড়কে যানবাহনের চাপ রয়েছে, তবে কোথাও দীর্ঘস্থায়ী যানজট নেই। যাত্রীরা স্বস্তিতে ভ্রমণ করতে পারছেন। প্রশাসনের তৎপরতাও চোখে পড়ছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কোথাও যানজট সৃষ্টি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি ট্রাক ও পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন না করার জন্য চালকদের সতর্ক করা হচ্ছে।
ঈদকে ঘিরে উত্তরবঙ্গের মহাসড়কে স্বস্তির যাত্রা নিশ্চিত হলেও ট্রাকের ছাদে ও ঝুঁকিপূর্ণ যানবাহনে যাত্রী পরিবহন নতুন করে উদ্বেগ তৈরি করেছে। নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন সচেতন মহল।
পড়ুন:জামালপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু
দেখুন:পাটুরিয়া ঘাটে পারাপারের টিকেট না পেয়ে হতাশ ট্রাক চালকরা |
ইমি/


