পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ঐতিহ্যবাহী মহেড়া জমিদার বাড়ী এখন দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। ঈদের আনন্দ উপভোগ করতে জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও দেশের নানা প্রান্ত থেকে পরিবার-পরিজন নিয়ে ভিড় করছেন পর্যটক ও দর্শনার্থীরা।
ঐতিহাসিক নিদর্শন, নান্দনিক স্থাপত্যশৈলী, বিশাল দৃষ্টিনন্দন ভবন ও মনোরম পরিবেশ দেখতে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে তরুণ-তরুণী, পরিবার ও শিশুদের উপস্থিতি বেশি দেখা গেছে। অনেকে স্মৃতিচারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার জন্য ছবি তুলতেও ব্যস্ত সময় পার করছেন।
দর্শনার্থীরা জানান, ঈদের ছুটিতে পরিবার নিয়ে ঘুরতে আসার জন্য মহেড়া জমিদার বাড়ী একটি আকর্ষণীয় স্থান। ঐতিহ্যবাহী এই স্থাপনার সৌন্দর্য ও পরিবেশ তাদের মুগ্ধ করেছে। আবার অনেকেই বলেন, ঈদের ছুটিতে স্বল্প খরচে পরিবার নিয়ে সময় কাটানোর জন্য এটি একটি উপযুক্ত বিনোদন কেন্দ্র।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, দর্শনার্থীদের আগমনে এলাকায় ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়েছে। খাবারের দোকান, পরিবহন ও ছোটখাটো ব্যবসায়ীরা বাড়তি ক্রেতা পাচ্ছেন।
স্থানীয়রা জানান, ঈদের ছুটি শেষ হওয়া পর্যন্ত দর্শনার্থীদের ভিড় অব্যাহত থাকবে।কর্তৃপক্ষ নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সতর্ক অবস্থানে রয়েছে।
পড়ুন : ৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ স্বাভাবিক


