মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় যাত্রীবাহী বাসের চাপায় এক হেলপার (বাসচালকের সহকারী) নিহত হয়েছেন। আজ শুক্রবার রাত ৮টা ৩২ মিনিটের দিকে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলপারের নাম মো. দুলাল (২৫)। তিনি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘আহসান পরিবহন’ (ঢাকা মেট্রো-ব-১৫-০৭৩০) নামের যাত্রীবাহী বাসটি ধলেশ্বরী টোল প্লাজার সামনে পৌঁছালে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। টোল পরিশোধের ঠিক আগ মুহূর্তে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারালে হেলপার দুলাল বাসটি থামাতে দ্রুত চাকার নিচে যোগান (কাঠ বা ইটের টুকরো) দেওয়ার চেষ্টা করেন। এ সময় বাসের চাকা তার শরীরের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফায়ার সার্ভিস আরও জানায়, দুর্ঘটনার পরপরই বাসের যাত্রীরা নিরাপদে নেমে যান। বর্তমানে এক্সপ্রেসওয়েতে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের টাকায় ছুরি ক্রয় নিয়ে সংঘর্ষ, আহত ৬


