টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পুষ্টকামুরি চরপাড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রাইভেটকারের ধাক্কায় গজ নবী খান(৪৮)নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় উত্তেজিত এলাকাবাসী প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এ সময় দ্রুত একটি ফুটওভার ব্রিজ নির্মাণের জোর দাবি জানান তারা।
নিহত গজ নবী খান উপজেলার চরপাড়া এলাকার মৃত মিঠু খানের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর ছয়টার দিকে মহাসড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি প্রাইভেটকার গজ নবী খানকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। তবে ঢাকা মেডিক্যালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেমে প্রায় এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। তাদের অভিযোগ, চরপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। ফলে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা বলেন, মহাসড়কে নিরাপদ পারাপারের ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয়। দ্রুত সময়ের মধ্যে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা না হলে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে।
পরে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।


