ঝিনাইদহের শৈলকুপায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ইটপাটকেল নিক্ষেপ ও হাতাহাতির ঘটনায় উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন।
আজ শুক্রবার (২৯ মে) রাত ৮টার দিকে উপজেলার শেখড়া বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, শহীদ বিশ্বাস (৪২), দানেফ (৪৫), শাহিন বিশ্বাস (৪০), বাবুল বিশ্বাস (৪২), এনামুল বিশ্বাস (২৮)। বাকি আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা ও ইউনিয়ন বিএনপির উপদেষ্টামন্ডলীর সদস্য আব্দুস সালামের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে আজ রাত ৮টার দিকে শেখড়া বাজারে উভয়পক্ষের সমর্থকরা বাকবিতন্ডা, হাতাহাতি ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হন।
আহতদের মধ্যে শহীদ বিশ্বাস (৪২) এর অবস্থা গুরুতর হওয়ায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বাকিরা স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষের পরে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, খবর পেয়ে স্থানীয় পুলিশ ক্যাম্প ও শৈলকুপা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছেছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

