পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কোরবানির পশুর বর্জ্য ও উচ্ছিষ্ট দ্রুত অপসারণ করে শতভাগ পরিচ্ছন্নতা নিশ্চিত করেছে নীলফামারীর সৈয়দপুর পৌরসভা।
পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা দিকনির্দেশনায় এবং পরিচ্ছন্নতা কর্মীদের নিরলস পরিশ্রমে স্বল্প সময়ের মধ্যেই পুরো পৌর এলাকা থেকে কোরবানির বর্জ্য সরিয়ে ফেলা হয়েছে। সংগৃহীত বর্জ্য পরিবেশসম্মতভাবে পৌরসভার নির্ধারিত ডাম্পিং সাইটে নিষ্পত্তি করা হয়।
তবে এবছর কোরবানির পশুর চামড়া বিক্রি না হওয়া এবং গুণগত মান নষ্ট হয়ে যাওয়ার কারণে কিছু অংশ রাস্তার পাশে ফেলে রাখা হয়, যা থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়। বিষয়টি বিবেচনায় নিয়ে পৌরসভা দ্রুত বিশেষ উদ্যোগ গ্রহণ করে।
সরেজমিনে পৌরসভার ১২নং ওয়ার্ডের সাদ্দাম মোড় এলাকায় গেলে দেখা যায়, পরিচ্ছন্নী কর্মীদের সুপারভাইজার হাসান আলী রবির নেতৃত্বে তাক্ষণিকভাবে সেসব পরিত্যক্ত চামড়া অপসারণ করে নিরাপদ স্থানে মাটিচাপা দেয়া হয়। যাতে পরিবেশ ও জনস্বাস্থ্যের কোনো ঝুঁকি না থাকে। এছাড়া সর্বত্র ছিটিয়ে দেয়া হচ্ছে ব্লিচিং পাউডার।
সৈয়দপুর পৌরসভার প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, পৌরবাসীদের স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় কুরবানির বর্জ দ্রুত অপসারণের উদ্যোগ নেওয়া হয়। বিশেষ করে পৌর পরিচ্ছন্নকর্মীদের সহযোগিতার তা করা সম্ভব হয়েছে।
এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌরসভা গঠনে জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।


