বিজ্ঞাপন

প্রেমের টানে চীনা যুবক মির্জাপুরে

প্রেমের টানে সুদূর চীন থেকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় এসেছেন ওয়াং ইউলাই নামের এক চীনা যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক একটি অ্যাপের মাধ্যমে পরিচয়ের পর উপজেলার জার্মুকী ইউনিয়নের পাকুল্লা এলাকার এক তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে জানা গেছে। সেই সম্পর্ককে পরিণতি দিতেই বাংলাদেশে এসেছেন বলে দাবি করেছেন ওই যুবক।

বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে অনলাইন অ্যাপের মাধ্যমে পরিচয়ের পর ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। প্রেমের সম্পর্কের সূত্র ধরে গতকাল দুপুরে মির্জাপুর উপজেলার জার্মুকী ইউনিয়নের পাকুল্লা এলাকায় ওই তরুণীর নানীর বাড়িতে এসে ওঠেন চীনা নাগরিক ওয়াং ইউলাই। তার আগমনকে কেন্দ্র করে এলাকায় কৌতূহল ও ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।


স্থানীয়দের দাবি, ওয়াং ইউলাই বর্তমানে কোনো ধর্ম অনুসরণ করেন না। তবে বাংলাদেশি ওই মুসলিম তরুণীকে বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন বলেও জানা গেছে।


এদিকে, যুবকের কাছে একটি খয়েরি রঙের পাসপোর্ট এবং গত ৩০ তারিখে চীন থেকে বাংলাদেশগামী বিমানের টিকিটের কপি পাওয়া গেছে। স্থানীয়রা জানান, এসব কাগজপত্র দেখে তার পরিচয় সম্পর্কে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।
পরিবারের এক সদস্য জানান, অনলাইনে তাদের পরিচয় হয় এবং সম্পর্কের বিষয়টি মেয়ের পরিবার আগে থেকেই জানেন। বর্তমানে বিয়ের বিষয়ে পারিবারিক আলোচনা চলছে এবং প্রয়োজনীয় কাগজপত্রও দেখা হয়েছে।


স্থানীয়রা বলছেন, বিয়ে, ধর্মান্তর কিংবা নাগরিকত্ব সংশ্লিষ্ট যেকোনো সিদ্ধান্ত আইনগত প্রক্রিয়া ও পারিবারিক সম্মতির ভিত্তিতেই সম্পন্ন হবে।
প্রযুক্তির এই সময়ে অনলাইন যোগাযোগ দেশ-বিদেশের দূরত্ব কমিয়ে দিচ্ছে। প্রেমের টানে চীন থেকে মির্জাপুরে আসা এই যুবকের ঘটনা এখন স্থানীয়দের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তবে শেষ পর্যন্ত এই সম্পর্ক বিয়ের মাধ্যমে নতুন পরিণতি পায় কি না,সেটিই এখন দেখার বিষয়।

পড়ুন- ইরানি জলসীমায় প্রবেশ করে অত্যাধুনিক ড্রোন হারালো যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন