বিজ্ঞাপন

সাবেক স্ত্রীর পোস্টে জেমস, চমকে দিলেন ভক্তদের

মঞ্চে তিনি রকস্টার, অনেকের কাছে আবার গুরু। হাজারো দর্শকের উন্মাদনার কেন্দ্রবিন্দু। এমন চিত্রেই তাকে দেখতে অভ্যস্ত ভক্তরা। তবে ঈদের এই বিশেষ সময়ে দেখা মিলল এক ভিন্ন জেমসের; যেখানে নেই আলো ঝলমলে কনসার্ট, নেই গিটার কিংবা ব্যান্ডের গর্জন; আছে শুধু পরিবারের উষ্ণতা আর ভালোবাসার বন্ধন।

সাধারণত ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই পছন্দ করেন নগরবাউল। পরিবারকে নিয়ে তার প্রকাশ্য উপস্থিতি খুব একটা দেখা মেলে না। তবে এবারের ঈদে সেই বিরল দৃশ্যই ধরা পড়েছে জেমসের প্রথম স্ত্রী রথি কানিজের ফেসবুক পোস্টে। এক ফ্রেমে বাবা, মেয়ে আর ছেলে। দীর্ঘদিন পর সন্তানদের সঙ্গে জেমসের এমন হাস্যোজ্জ্বল উপস্থিতি যেন ছুঁয়ে গেছে ভক্তদের হৃদয়।

‘জান্নাতের ঈদ তার আব্বু আর ছোট ভাই জিবরানের সঙ্গে’- রথি কানিজের এই ছোট্ট ক্যাপশনই যেন ছবিগুলোর পুরো গল্পটাই বলে দিয়েছে। ভিন্ন দুই সংসারের সদস্যদের একসঙ্গে দেখে প্রশংসায় ভাসিয়েছেন ভক্তরা। নেটিজেনদের অনেকেই বলছেন, সম্পর্কের পরিবর্তন হলেও ভালোবাসার বন্ধন যে অটুট থাকতে পারে, তারই এক সুন্দর উদাহরণ এই পরিবার।

ঈদের আনন্দ শুধু নতুন পোশাক কিংবা উৎসবের আনুষ্ঠানিকতায় নয়, প্রিয়জনদের সঙ্গে কাটানো কিছু অমূল্য মুহূর্তেও লুকিয়ে থাকে তার প্রকৃত সৌন্দর্য। আর সেই সৌন্দর্যই ধরা পড়েছে জেমসের এই পারিবারিক ছবিগুলোতে। রথির পোস্টে মঞ্চের রকস্টার নয়, ধরা দিয়েছে একজন দায়িত্বশীল স্বামী, স্নেহময় বাবা এবং পরিবারের জন্য নিবেদিত এক মানুষ।

ভালোবেসে ফটোসুন্দরী রথি কানিজকে বিয়ে করেছিলেন জেমস। ১৯৯১ সালের ১৭ নভেম্বর শুরু হয়েছিল তাদের সংসারজীবন। সাবেক এই দম্পতির সংসারে রয়েছে দুই সন্তান- আবরার আলভী দানিশ ও জান্নাতুল ফেরদৌস। ২০০৩ সালে জেমস-রথির বিচ্ছেদের পর মায়ের সঙ্গেই থাকছেন দুই সন্তান।

জেমসের দ্বিতীয় স্ত্রী হলেন বেনজীর সাজ্জাদ। ২০০০ সালে তাদের পরিচয় হয় এবং পরবর্তীতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ ১৩ বছর সংসার করার পর, পেশাগত ও ব্যক্তিগত কারণে ২০১৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর যুক্তরাষ্ট্রপ্রবাসী নামিয়া আমিনকে বিয়ে করেন এ সংগীতশিল্পী। সে সংসারে জিবরান আনাম নামে একটি পুত্র সন্তান রয়েছে এ দম্পতির।

বিজ্ঞাপন

পড়ুন : মুক্তির একদিন পরেই শোয়ের সংখ্যা দ্বিগুণ হলো ‘রকস্টার’ ছবির

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন