ইরান আবারও মধ্যপ্রাচ্যে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে। সোমবার (১ জুন) ভোরে চালানো এ হামলার কথা জানিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তবে হামলার শিকার মার্কিন ঘাঁটিটি কোন দেশে অবস্থিত, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলের হরমুজগান প্রদেশের সিরিক দ্বীপে থাকা একটি টেলিযোগাযোগ টাওয়ারে মার্কিন বাহিনী হামলা চালায়। এর জবাবে যে স্থান থেকে হামলা চালানো হয়েছিল, সেখানে পাল্টা আঘাত হানা হয়েছে বলে দাবি করেছে তারা।
ইরানের সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সিতে প্রকাশিত ওই বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের অ্যারোস্পেস ফোর্স মার্কিন ঘাঁটিটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং নির্ধারিত লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করা হয়েছে। তাদের দাবি, মার্কিন হামলার কয়েক ঘণ্টার মধ্যেই এই পাল্টা অভিযান পরিচালনা করা হয়।
একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের হামলা হলে আরও কঠোর জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেছে আইআরজিসি। তারা বলেছে, পরবর্তী প্রতিক্রিয়ার ধরন ও মাত্রা ভিন্ন হবে। পরিস্থিতি আরও খারাপ হলে তার দায় যুক্তরাষ্ট্রকেই নিতে হবে।
তবে ইরানের এই দাবির বিষয়ে এখন পর্যন্ত মার্কিন কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, হরমুজগান প্রদেশের গরুক ও কেশম দ্বীপে থাকা ইরানের রাডার এবং ড্রোনের কমান্ড ও কন্ট্রোল সেন্টারে আত্মরক্ষামূলক হামলা চালানো হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি বর্তমানে নাজুক অবস্থায় রয়েছে। দীর্ঘ আলোচনার পরও দুই দেশ কোনো স্থায়ী সমঝোতায় পৌঁছাতে পারেনি। এর মধ্যেই গত কয়েকদিন ধরে উভয় পক্ষ সীমিত আকারে একে অপরের সামরিক স্থাপনায় হামলা ও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়ছে।
পড়ুন: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
আর/


