সিরাজগঞ্জে মাসব্যাপী লোকজ সাংস্কৃতিক উৎসব ও গ্রামীণ পণ্য প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১ জুন ২০২৬) বিকেলে শহরের মুক্তির সোপানে এ মেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি অমর কৃষ্ণ দাস এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, লোকজ সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে। মেলায় স্থানীয় গ্রামীণ পণ্য, হস্তশিল্প ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
মেলার আয়োজন করে নাট্য নিকেতন গ্রুপ থিয়েটার। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে নিছা ইভেন্ট ম্যানেজমেন্ট। মাসব্যাপী চলা এ মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ পরিবেশনা ও বিভিন্ন গ্রামীণ পণ্যের প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
পড়ুন- বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে: প্রতিমন্ত্রী


