ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে রাজধানীর মতিঝিলের দিলকুশা এলাকায় ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ অব্যাহত রয়েছে। চেয়ারম্যান পদত্যাগ না করলে টানা আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।
সোমবার (১ জুন) দুপুর দেড়টার দিকে সরেজমিনে দেখা যায়, ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছড়িয়ে-ছিটিয়ে অবস্থান করছেন আন্দোলনকারীরা। কার্যালয়ের একপাশে জড়ো হয়ে তারা মাইকে বক্তব্য ও স্লোগান দিচ্ছেন। অন্যদিকে প্রধান ফটক ও আশপাশের এলাকায় মোতায়েন রয়েছে বিপুলসংখ্যক পুলিশ সদস্য। সেখানে পুলিশের দুটি জলকামান, একটি এপিসি, দুটি প্রিজনভ্যানসহ কয়েকটি যানবাহন রাখা হয়েছে।
বিক্ষোভকারীদের অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলের মতো ‘স্বৈরাচারী কায়দায়’ ইসলামী ব্যাংকের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। তারা দাবি করেন, একটি প্রতিষ্ঠিত ব্যাংককে দুর্বল করার জন্য নানা ষড়যন্ত্র চলছে।
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সহ-সেক্রেটারি শামীম হাসান বলেন, “আমাদের শান্তিপূর্ণ ও সুষ্ঠু সমাবেশে যারা হামলা করেছে, তাদের শাস্তির আওতায় আনতে হবে। ইসলামী ব্যাংক নিয়ে সব ষড়যন্ত্রের অবসান ঘটাতে হবে। অন্যথায় আন্দোলন অব্যাহত থাকবে।”
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন শুরু হয়। নতুন চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক মানুষ অংশ নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের সরে যেতে অনুরোধ করে। পরে আন্দোলনকারীদের মধ্য থেকে ইট নিক্ষেপের ঘটনা ঘটলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, জলকামান ও টিয়ার শেল ব্যবহার করে। এতে কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

