বিজ্ঞাপন

খেলার মাঠে মানুষের ঢল, মাদকের বিরুদ্ধে বার্তা

দুপুর গড়াতেই শহীদ সিপাহী বীরশ্রেষ্ঠ মুস্তফা কামাল ফুটবল মাঠ যেন পরিণত হয় এক জনসমুদ্রে। মাঠের চারপাশ, রেললাইনের ধারের উঁচু জায়গা, এমনকি আশপাশের গাছের ডালেও বসে মানুষ অপেক্ষা করছিল একটি ফুটবল ম্যাচের জন্য। দরুইন গ্রামের সেই বিকেলটি ছিল উৎসবের, ছিল ফুটবলের।

সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দরুইন গ্রামে অনুষ্ঠিত হয় আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। খেলা ঘিরে হাজারো মানুষের উপস্থিতি জানান দিল, গ্রামবাংলার প্রাণ এখনো স্পন্দিত হয় ফুটবলের ছন্দে।

ফাইনাল ম্যাচের উদ্বোধন ঘোষণা করেন জেলা বিএনপির সদস্য ও ক্রীড়া সংগঠক কবীর আহমেদ ভূঁইয়া। এ সময় তিনি বলেন, “মানুষকে খেলাধুলার মাধ্যমে মাদক থেকে দূরে রাখতে হবে। ব্রাহ্মণবাড়িয়া জেলার ১০১টি ইউনিয়নে একটি করে মাঠ করার জন্য আবেদন করেছি। মাঠগুলো বাস্তবায়ন হলে প্রতিটি ইউনিয়নে খেলাধুলার বিস্তার ঘটাতে কাজ করব।”

তিনি আরও বলেন, “আমাদের অঞ্চলের মানুষ খেলাপ্রিয়। যেকোনো খেলার আয়োজন এখানে উৎসবে পরিণত হয়। সীমান্ত এলাকার যুবসমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম, পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আকতার হোসেন খান।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি লায়ন রবিউল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসুম ভূঁইয়া।
খেলা শুরুর অনেক আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দর্শকদের ভিড়ে আশপাশের এলাকা হয়ে ওঠে মুখর। আয়োজকদের ধারণা, প্রায় ৫০ হাজারেরও বেশি মানুষ মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেছেন। কেউ দাঁড়িয়ে, কেউ রেললাইনের ধারে, আবার কেউ গাছের ডালে বসে দেখেছেন ফুটবলের রোমাঞ্চ।

শেষ পর্যন্ত শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর ট্রাইব্রেকারে কল্যাণপুর একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কলেজপাড়া একাদশ।
একটি ফুটবল ম্যাচ শেষ হয়েছে, ট্রফিও উঠেছে বিজয়ীদের হাতে। কিন্তু মাঠজুড়ে ছড়িয়ে পড়া মানুষের উচ্ছ্বাস যেন আরেকটি বার্তা দিয়ে গেছে—যেখানে খেলার মাঠ ভরে ওঠে, সেখানে মাদক ও অন্ধকারের জায়গা ক্রমেই সংকুচিত হয়ে আসে।

বিজ্ঞাপন

পড়ুন : পিরোজপুর পৌর শ্মশানের কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর, মালামাল চুরির অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন