ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে প্রাইভেটকারের ধাক্কা লেগে ৫ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন প্রাইভেটকারের যাত্রী নুরজাহান বেগম, তার ছেলে আরিফ হাসান, রাকিব হোসেন, আয়েশা বেগম ও প্রাইভেট কারের চালক (অজ্ঞাত)। নিহতদের গ্রামের বাড়ি যশোর জেলার ঝিকরগাছা উপজেলায়।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী একটি প্রাইভেটকারে একই পরিবারের ছয় সদস্য গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এক্সপ্রেসওয়ের কাছে পৌঁছালে প্রাইভেটকারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর দাড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকের পেছনে ঢুকে পড়ে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলে প্রাইভেটকারে থাকা এক শিশু ও চালকসহ মোট ৫ জন নিহত হন। ভাঙ্গা ফায়ার সার্ভিস ও শিবচর হাইওয়ে থানা পুলিশ হতাহতদের উদ্ধার করেন। আশংকাজনক অবস্থায় আশরাফুল, তাসফীয়া ও রাকিব হোসেন তিনজনকে উদ্ধার করে জেলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে আহত আরো একজন রাকিব হোসেন জেলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। এ ঘটনায় পুলিশ প্রাইভেটকার ও গ্যাসের ট্রাকটি জব্দ করেছে বলে শিবচর হাইওয়ে থানার এসআই নূর আলম জানান।
পড়ুন: শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ
আর/


