মালয়েশিয়ায় পাহাড়ি জলপ্রপাতে গোসল করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন এক বাংলাদেশি। সেলাঙ্গর রাজ্যের রাওয়াং এলাকার তামান ইকো রিম্বা জলপ্রপাতে ঘুরতে গিয়ে গোসলের জন্য পাহাড়ের উপর উঠলে পা পিছলে ৫০ মিটার উপর থেকে পড়ে যান তিনি।
সোমবার (১জুন) জলপ্রপাতে গোসল করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন ওই বাংলাদেশি। সকাল ১১টার দিকে দুর্ঘটনার খবর পাওয়ার পর সেলঙ্গার ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। ঘটনাস্থলে গিয়ে ফায়ার স্টেশনের কর্মীরা বাংলাদেশিকে উদ্ধার করেন। রাওয়াং ফায়ার স্টেশনের কর্মকর্তা মুখলিস মুখতার জানান,ভুক্তভোগী যুবক প্রায় ৫০ মিটার উচু পাহাড় জলপ্রপাত থেকে পড়ে যায়, এতে তার মাথা,পিঠ, হাত ও পায়ে আঘাত লাগে। তবে এত উঁচু পাহাড় থেকে পড়েও আহত ব্যক্তি জ্ঞান হারায়নি, ফায়ার সার্ভিসের কর্মীরা খুব দক্ষতার সাথে তাকে উদ্ধার করে পাহাড় থেকে নিচে নামিয়ে নিয়ে আসেন।
পরে তাকে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিকিৎসকদের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে তাকে জরুরি ভিত্তিতে সেলায়াং হাসপাতালে ভর্তি করে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।
তবে ফায়ার সার্ভিস বাংলাদেশি ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি।
পড়ুন- রাশিয়ার সেনাদের কাছে ৩০ বাংলাদেশিকে ‘বিক্রি’, অভিযুক্ত এজেন্সিগুলো সিলগালা


