সাড়ে পাঁচ হাজার মাইল পাড়ি দিয়ে বিশ্বকাপের দেশ যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে ১১ ঘণ্টার দীর্ঘ ভ্রমণ শেষে গত রোববার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বেলা ১১টায় মিসৌরিতে অবতরণ করে তাদের বিমানটি। বিশ্বচ্যাম্পিয়নদের এখন সবচেয়ে বড় চিন্তার নাম হচ্ছে ইনজুরি। হ্যামস্ট্রিংয়ের চোটে লিয়ান্দ্রো পারেদেস তিন সপ্তাহের জন্য ছিটকে গেছেন। এ ছাড়া লিওনেল মেসিসহ আর্জেন্টিনার আটজন ছোটখাটো ইনজুরিতে আক্রান্ত।
বিশ্বচ্যাম্পিয়নদের বহন করা বিমানটি সেজেছিল বিশ্বকাপের আমেজে। আর্জেন্টিনা জাতীয় দলের প্রতীকী আকাশি-সাদা ডোরাকাটার মাঝে বিমানের লেজে মেসির ১০ নম্বরটি আঁকা হয়েছে। কানসাস সিটিতে ঘাঁটি গাড়বে চারটি দল। সবার আগে সেখানে পৌঁছাল আর্জেন্টিনা। এই চার্টার্ড বিমানে এসেছেন আর্জেন্টিনা স্কোয়াডের বেশির ভাগ খেলোয়াড়। তাদের সঙ্গে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রে ক্লাব ফুটবল খেলা লিওনেল মেসি ও রদ্রিগো ডি পল। কানসাস সিটির অরিজিন হোটেলে থাকবেন মেসি ও তাঁর দল। ২০২ নম্বর রুমটি মেসির জন্য বরাদ্দ হয়েছে বলে জানিয়েছে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি। সোমবার থেকে তারা পুরোদমে ট্রেনিং শুরু করবেন। আগামী শনিবার টেক্সাসে হন্ডুরাসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তিন দিন পর আইসল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ তাদের।
তবে প্রথম প্রস্তুতি ম্যাচে একাদশ গঠন নিয়ে কিছুটা চিন্তায় আছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। হ্যামস্ট্রিং চোটের কারণে দুই প্রস্তুতি ম্যাচ তো বটেই, ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের তাদের প্রথম ম্যাচেও মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে পাবে না তারা। পুরোপুরি সুস্থ হতে তাঁর তিন সপ্তাহ লাগতে পারে। আরও ছোটখাটো চোটাক্রান্ত খেলোয়াড় রয়েছেন স্কোয়াডে। এর মধ্যে মেসি ইন্টার মায়ামির হয়ে ফিলাডেলফিয়ার বিপক্ষে হ্যামস্ট্রিং ইনজুরির শঙ্কা নিয়ে মাঠ ছাড়লে সবাইকে ভয় পাইয়ে দিয়েছিলেন। পরে জানা গেছে, মাংসপেশিতে হালকা টান লেগেছিল। তাঁর চোট গুরুতর না হলেও সতর্কতার জন্য দুই প্রস্তুতি ম্যাচে বিশ্রামে থাকবেন। ইউরোপা লিগের ফাইনাল শুরুর আগে ওয়ার্মআপের সময় গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের আঙুল ভেঙে গিয়েছিল। তিনিও প্রস্তুতি ম্যাচ দুটিতে থাকছেন না। আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে তিনি ফিট হয়ে যাবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
মেসির বিকল্প হিসেবে যাঁকে ধরা হচ্ছে, সেই নিকো পাজও চোটাক্রান্ত। কোমোর এই ২১ বছর বয়সী মিডফিল্ডার সিরি ‘এ’তে হেল্লাস ভেরোনার বিপক্ষে মাঠ ছেড়েছিলেন বাঁ হাটুতে অস্বস্তি বোধ করায়। পরীক্ষায় গুরুতর কিছু ধরা না পড়লেও তিনি বিশ্রামে থাকবেন বলে জানা গেছে। গত এপ্রিলে টটেনহ্যামের সেন্টার ব্যাক ক্রিশ্চিয়ান রোমেরোর ডান হাঁটুর লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছিল। চোট পাওয়ার ৪৯ দিন পার হয়ে গেলেও পুরোপুরি ফিট হয়ে ওঠেননি তিনি। তবে পুনর্বাসনের শেষ পর্যায়ে আছেন তারকা এ ডিফেন্ডার।
এপ্রিলের শেষ দিকে অ্যাথলেটিকো মাদ্রিদের তারকা ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন। তিনি এখনও পুরোপুরি ফিট নন। তবে ফিট হওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন। অ্যাথলেটিকোর আরেক ফরোয়ার্ড নিকোলাস গঞ্জালেজ এপ্রিলে চোট পেয়েছিলেন। তাঁকে নিয়েও চিকিৎসকরা ব্যস্ত সময় পার করছেন। ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়েলে মাংসপেশিতে গ্রেড টু টাইপ চোট রয়েছে। তাঁকেও প্রস্তুতি ম্যাচে বিশ্রামে রাখা হতে পারে। এ ছাড়া নাহুয়েল মলিনা ও থিয়াগো আলমাদারের মাংসপেশিতে হালকা চোট রয়েছে।
পড়ুন:রাশিয়ার সেনাদের কাছে ৩০ বাংলাদেশিকে ‘বিক্রি’, অভিযুক্ত এজেন্সিগুলো সিলগালা
দেখুন:ফের বাড়লো জ্বালানি তেলের দাম, প্রতিবাদে এনসিপির মানববন্ধন
ইমি/


