চট্টগ্রামের পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নের শ্রীমতি খাল থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার ভাটিখাইন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের টেকের পাড়া এলাকার ঠেগরপুনি মন্দিরের পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে এলাকাবাসী শ্রীমতি খালে একটি মরদেহ ভাসতে দেখতে পেয়ে পটিয়া থানা পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করে খালে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। পরে জোয়ারের পানির স্রোতে মরদেহটি ভেসে এসে ভাটিখাইনের শ্রীমতি খালে পৌঁছায়। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, “মরদেহ উদ্ধারের পর পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ। বিষয়টির রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। পরিচয় শনাক্ত না হলে আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে।”


