আসছে বাজেটে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ থাকছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হবে- যা প্রায় ১ লাখ ২৩ হাজার কোটি টাকা। তবে এবারের বাজেটে জিডিপির সাড়ে ৩ শতাংশ বরাদ্দ চেয়েছিল মন্ত্রণালয়৷ সেই চাওয়া অনুযায়ী ২ শতাংশ বরাদ্দ রাখার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী৷
প্রধানমন্ত্রী শিক্ষার খোঁজ-খবর নিয়েছেন জানিয়ে তিনি বলেন, ২০২২ সালের পর থেকে শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও অবসরের টাকা দেয়া বন্ধ রয়েছে৷ এখান থেকে কয়েক হাজার কোটি টাকা তসরুফ (আত্মসাৎ) করা হয়েছে। তবে আগামী এক মাসের মধ্যে ‘থোক বরাদ্দ’ থেকে আবারও শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও অবসরকালীন ভাতা চালুর কথাও জানান শিক্ষামন্ত্রী৷
পড়ুন : সব ইংলিশ মিডিয়াম স্কুলকে একই নীতিমালার আওতায় আনা হচ্ছে : ববি হাজ্জাজ


