চট্টগ্রামের পটিয়ার দীর্ঘদিনের প্রত্যাশিত মিনি স্টেডিয়াম নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করতে শুক্রবার (৫ জুন) পটিয়া সফরে আসছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দীর্ঘ প্রতীক্ষার এ প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।
ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১১টায় পটিয়ার জালুয়ার দিঘীপাড় এলাকায় মিনি স্টেডিয়ামের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন সংসদ সদস্য এনামুল হক এনাম। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেবেন।
স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টদের মতে, পটিয়ায় একটি আধুনিক মিনি স্টেডিয়াম নির্মাণের দাবি ছিল দীর্ঘদিনের। খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের এ প্রত্যাশা নানা জটিলতায় বারবার পিছিয়ে গেলেও শেষ পর্যন্ত বাস্তবায়নের পথে এগিয়ে এসেছে। সংশ্লিষ্টরা বলছেন, সংসদ সদস্য এনামুল হক এনামের ধারাবাহিক প্রচেষ্টা, সংশ্লিষ্ট দপ্তরে তদবির এবং ক্রীড়া অবকাঠামো উন্নয়নে আন্তরিক উদ্যোগের ফলেই প্রকল্পটি আলোর মুখ দেখতে যাচ্ছে।
পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মঈনুল আলম ছোটন বলেন, “পটিয়ার ক্রীড়াঙ্গনের জন্য এটি অত্যন্ত আনন্দের সংবাদ। দীর্ঘদিনের দাবির পর অবশেষে মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ বাস্তবায়নের পর্যায়ে এসেছে। সংসদ সদস্য এনামুল হক এনামের আন্তরিক প্রচেষ্টার কারণেই এই প্রকল্প আজ বাস্তবে রূপ নিতে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “প্রতিমন্ত্রীর সফরকে ঘিরে স্থানীয় খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আমরা আশা করছি, এ সফরের মাধ্যমে পটিয়ার ক্রীড়া অবকাঠামো উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।”
পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির আহ্বায়ক ফারহানুর রহমান বলেন, উদ্বোধনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
স্থানীয় ক্রীড়াবিদদের মতে, মিনি স্টেডিয়াম নির্মিত হলে পটিয়ার তরুণ খেলোয়াড়রা আধুনিক পরিবেশে অনুশীলনের সুযোগ পাবেন। পাশাপাশি উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের সুযোগ সৃষ্টি হবে। এতে পটিয়ার ক্রীড়াঙ্গনের বিকাশে নতুন গতি সঞ্চার হবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

