রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধের উদ্দেশ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরাসরি আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জেলেনস্কির মুখোমুখি বসার অনুরোধের জবাবে পুতিন স্পষ্ট জানিয়েছেন, এই মুহূর্তে ইউক্রেনের নেতার সঙ্গে বৈঠক করার কোনো যৌক্তিকতা বা প্রয়োজন তিনি দেখছেন না।
বৃহস্পতিবার (৪ জুন) পুতিনের কাছে একটি খোলা চিঠি পাঠান জেলেনস্কি। চিঠিতে তিনি সরাসরি আলোচনার আহ্বান জানিয়ে লেখেন, ২০২২ সালে রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসনের মাধ্যমে শুরু হওয়া এই যুদ্ধ আবারও যুক্তরাষ্ট্রের মনোযোগের কেন্দ্রে আসার জন্য স্রেফ হাত গুটিয়ে অপেক্ষা করা বড় ভুল হবে। চিঠিতে ইউক্রেনের প্রেসিডেন্ট যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও তার ভাষা ছিল বেশ আক্রমণাত্মক ও উপহাসমূলক।
শুক্রবার (৫ জুন) সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার বার্ষিক অর্থনৈতিক ফোরামে বক্তব্য দেওয়ার সময় জেলেনস্কির ওই চিঠি নিয়ে কথা বলেন পুতিন।
চিঠির সমালোচনা করে তিনি বলেন, ‘আপাতত এই বৈঠকের কোনো মানে নেই। চিঠিটি কি আসলে বৈঠকের পরিবেশ তৈরির জন্য লেখা হয়েছিল, নাকি বৈঠক এড়ানোর জন্য? আমার তো মনে হয়, এটি বৈঠক না করার একটি অজুহাত মাত্র।’
পুতিনের এই অনমনীয় অবস্থানের পর টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ক্ষোভ প্রকাশ করেন জেলেনস্কি। তিনি লিখেছেন, ‘রাশিয়া আবারও যুদ্ধকে বেছে নিল। পুতিন আসলে যুদ্ধ শেষ করতে চান না। তার এই জবাবে বিশ্বের বহু মানুষ আশাহত হয়েছেন।’
পড়ুন: এবার ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীদের রক্তক্ষরণের ঝুঁকি রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
আর/


