গাজীপুরের কাশিমপুরে শ্রমিকদের বকেয়া পাওনাদি পরিশোধ না করেই একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বলে অভিযোগ উঠেছে।
রোববার (০৭/০৬/২০২৬) ইং সকালে ঈদুল আজহার ছুটি শেষে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা দেখতে পান, কাশিমপুরের ১ নম্বর ওয়ার্ডের মাধবপুর এলাকায় অবস্থিত কোরটেক্স অ্যাপারেলস লিমিটেড কারখানার প্রধান ফটকে একটি নোটিশ টানিয়ে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।
এ ঘটনায় শত শত শ্রমিকের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ তাদের বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য পাওনা পরিশোধ না করেই হঠাৎ করে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এতে তারা পরিবার-পরিজন নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
শ্রমিকরা বলেন, “আমাদের বকেয়া পাওনা রয়েছে। সেই টাকা পরিশোধ না করেই কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা দ্রুত বকেয়া পরিশোধ এবং কারখানা পুনরায় চালুর দাবি জানাচ্ছি।”
কারখানা বন্ধের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে শিল্প পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেন।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম বলেন, “সকালে শ্রমিকদের উত্তেজিত হওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। কারখানার গেটে বন্ধের নোটিশ দেখতে পেয়েছি। শ্রমিকদের শান্ত থাকার অনুরোধ জানানো হয়েছে এবং বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।”
তবে শ্রমিকদের অভিযোগের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
পড়ুন- রামিসা হত্যার রায় বিচার প্রক্রিয়ার একটি মাইলফলক: অ্যাটর্নি জেনারেল


