পঞ্চগড় সদর উপজেলার ৬নং সাতমেড়া ইউনিয়নে কয়েকজন বন্ধুর সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই হাফেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন আব্দুর রহিম (১৪) ও লাবিব (১৪)। তারা দুজনেই স্থানীয় একটি মাদ্রাসার হাফেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন।
নিহত আব্দুর রহিমের পিতা মৃত জাকির হোসেন। তাদের বাড়ি ইউনিয়নের শিতলী হাসনা গ্রামে। অপরদিকে নিহত লাবিবের পিতা মোঃ আশরাফুল ইসলাম। তাদের বাড়ি পূর্ব সাহেবই এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৭ জুন) কয়েকজন বন্ধুর সঙ্গে একটি পুকুরে গোসল করতে নামে দুই কিশোর। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে স্বজন ও স্থানীয়রা অনুসন্ধান শুরু করেন। পরে পুকুরে ডুব দিয়ে পাথর উত্তোলনের কাজে নিয়োজিত কয়েকজন ব্যক্তি পানিতে তল্লাশি চালিয়ে তাদের উদ্ধার করেন, স্থানীয়ভাবে চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
৬নং সাতমেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বিষয়টি নিশ্চিত করে বলেন, “বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই হাফেজি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।”
পঞ্চগড় সদর থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দুই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকায় এ ঘটনাকে ঘিরে গভীর শোকের পরিবেশ বিরাজ করছে।


