দীর্ঘদিন ধরে প্রাপ্য অর্থের অপেক্ষায় থাকা অবসরপ্রাপ্ত শিক্ষকরা শিগগিরই তাদের পাওনা পেতে যাচ্ছেন। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এ খাতে ১ হাজার ৬০০ কোটি টাকা বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। চলতি মাস বা আগামী মাসের মধ্যেই এই অর্থ বিতরণ করা হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক।
তিনি বলেন, অর্থসংকটের কারণে দীর্ঘদিন ধরে আটকে থাকা এই অর্থ পরিশোধে শিক্ষামন্ত্রীর উদ্যোগে প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেছে।
সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আব্দুল খালেক বলেন, নতুন অর্থবছরের বাজেট ও সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সমন্বয় করে শিক্ষা খাতের বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক ছাপানো ও বিতরণ, অবসরপ্রাপ্ত শিক্ষকদের আর্থিক সুবিধা প্রদান এবং শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযুক্তিনির্ভর অবকাঠামো সম্প্রসারণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
তিনি বলেন, চলতি বছরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল শিক্ষার্থীদের হাতে সময়মতো পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়া। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এ কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে প্রায় তিন-চতুর্থাংশ বইয়ের ছাপার কাজের জন্য দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অবশিষ্ট অংশের কাজও নভেম্বরের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করে জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া হবে। তিনি বলেন, এ পর্যন্ত কাজের ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো বাধা নেই এবং যেসব জটিলতা ছিল, সেগুলো কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে।
অবসরপ্রাপ্ত শিক্ষকদের আর্থিক সুবিধার বিষয়ে সচিব বলেন, দীর্ঘদিন ধরে অনেক শিক্ষক তাদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। অর্থসংকটের কারণে বিষয়টি সমাধান করা সম্ভব হয়নি। তবে শিক্ষামন্ত্রীর উদ্যোগে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। এর ফলে চলতি মাস অথবা আগামী মাসে প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা অবসরপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে বিতরণ করা সম্ভব হবে। এটি শিক্ষা প্রশাসনের একটি বড় অর্জন।
এসময় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

