ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (৮ জুন) সকাল ৭টা ৪০ মিনিটের কিছু আগে মিন্দানাও দ্বীপের উপকূলে এ ভূকম্পন অনুভূত হয়। আকস্মিক এ দুর্যোগে মিন্দানাও দ্বীপে অন্তত একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চারজন।
ভূমিকম্পের তীব্রতায় অঞ্চলটির অসংখ্য ঘরবাড়ি ও বহুতল ভবন ধসে পড়েছে। ভূমিকম্পের পর ফিলিপাইনসহ এশিয়ার বেশ কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
সোমবার সকালে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস দেশের অফিস অব সিভিল ডিফেন্স এবং ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট কাউন্সিলসহ সব জরুরি উদ্ধারকারী সংস্থাকে সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন।
সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মিন্দানাওয়ের বেশ কয়েকটি প্রদেশের স্কুল আজকের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সুনামি থেকে রক্ষা পেতে উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের অবিলম্বে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জোর আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মার্কোস।
এ ছাড়া, দেশবাসীকে সুনামি সতর্কবার্তা অবহেলা না করারও আহ্বান জানিয়েছেন তিনি।
পড়ুন: ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত
আর/


