বিজ্ঞাপন

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ৫ হাজার কোটি টাকার তহবিল, ঋণ মিলবে ৯ শতাংশ সুদে

ব্যবসা-বাণিজ্য গতিশীল করতে দেশের ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের জন্য ৫ হাজার কোটি টাকার নতুন পুনঃ অর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিলের আওতায় সর্বোচ্চ ৯ শতাংশ সুদ হারে চলতি মূলধন হিসেবে ঋণ পাবেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। সোমবার (৮ জুন) কেন্দ্রীয় ব্যাংকের ‘এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ’ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে কেন্দ্রীয় ব্যাংকের জারি করা এ সংক্রান্ত নির্দেশনাটি ইতোমধ্যে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। নতুন এই তহবিলের নাম দেয়া হয়েছে ‘সিএমএসএমই খাতে চলতি মূলধন পুনঃ অর্থায়ন তহবিল’। প্রাথমিকভাবে যার মেয়াদ হবে ৩ বছর।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সবশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ১ কোটি ১৮ লাখ সিএমএসএমই প্রতিষ্ঠান রয়েছে। নতুন এই তহবিলের ফলে বিশাল এই খাতের উদ্যোক্তারা সর্বোচ্চ ৯ শতাংশ সুদ হারে চলতি মূলধন হিসেবে ঋণ পাবেন।

এ বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, চাহিদার তুলনায় চলতি মূলধনের সরবরাহ বিঘ্নিত হওয়ায় সিএমএসএমই খাতের বিকাশ ও কর্মসংস্থান বাধাগ্রস্ত হচ্ছে। এই প্রেক্ষাপটে দেশে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতির চাকা গতিশীল করার লক্ষ্যে এই তহবিল গঠন করা হয়েছে। যার মূল উদ্দেশ্য সচল সিএমএসএমই প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় চলতি মূলধন ঋণ বা বিনিয়োগ সরবরাহের মাধ্যমে তাদের পূর্ণ সক্ষমতায় উৎপাদন, সেবা বা ব্যবসা কার্যক্রম পরিচালনায় সহায়তা করা।

এ ক্ষেত্রে ব্যাংক ও উদ্যোক্তা উভয়ের জন্যই নতুন এই তহবিলের সুদের হার নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিলের আওতায় ঋণ নিলে গ্রাহক বা উদ্যোক্তা পর্যায়ে সর্বোচ্চ সুদের হার হবে ৯ শতাংশ। অন্যদিকে বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে ৪ শতাংশ সুদে এই তহবিল থেকে টাকা পাবে। তবে ব্যাংকগুলোকে প্রতি ৩ মাস (ত্রৈমাসিক) পরপর এই সুদ পরিশোধ করতে হবে।

এছাড়া প্রচলিত ব্যাংকের পাশাপাশি শরিয়াভিত্তিক পরিচালিত ব্যাংক বা সাধারণ ব্যাংকের ইসলামিক বিভাগও নিজস্ব নিয়মে গ্রাহকদের এই ঋণ সুবিধা (বিনিয়োগ আকারে) দিতে পারবে। তবে গ্রাহক পর্যায়ে বিতরণ করা এই ঋণ আদায়ের সব দায়-দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট ব্যাংকের ওপর। যদিও ঋণের ঝুঁকি কমাতে ব্যাংক চাইলে নিয়ম অনুযায়ী গ্রাহকের কাছ থেকে সহ-জামানত বা কোলেটারাল নিতে পারবে।

বিজ্ঞাপন

পড়ুন : ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক করছে সরকার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন