নাটোরের লালপুর চর জাজিরা মৌজার পদ্মানদীর কিনারায় পদ্মার চরে গোলাগুলির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে । পরে তার গুলিবিদ্ধ মরদেহ একটি স্পিডবোটের ওপর থেকে উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার (৯ জুন) ভোরের কোনো এক সময় চর জাজিরা মৌজার পদ্মানদীর কিনারায় অজ্ঞাত দুর্বৃত্তদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে একজন ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হন বলে স্থানীয় সূত্রে জানা যায়।
পরে লালপুর থানার চরজাজিরা এলাকার পদ্মা নদীতে একটি স্পিডবোটের ওপর নিহত ব্যক্তির মরদেহ পাওয়া যায়। নিহত ব্যক্তি হলেন মো. আজিজুল হক ওরফে জরু মাস্তান (৩৫)। তিনি নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের হিজলী পাবনাপাড়া গ্রামের মৃত আলম হোসেনের ছেলে।
ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ ছাড়াও লাল রঙের প্লাস্টিকের বস্তার ছাউনি দেওয়া একটি সবুজ-নীল রঙের স্পিডবোট উদ্ধার করা হয়েছে।
সংবাদ পেয়ে লালপুর থানা পুলিশ, কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশ এবং লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ি মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পরবর্তী আইনগত কার্যক্রম শুরু করেছে।
এ ঘটনায় লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, নিহত ব্যক্তি চারঘাট এলাকায় কাকন এর বালুর পয়েন্টে কাজ করতো। বাঘ থানার বেলাল গ্রুপের সাথে বালু মহল নিয়ে আধিপত্য বিস্তারে শত্রুতার জেরে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি এবং কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
পড়ুন- বৈরী আবহাওয়া ও লোডশেডিংয়ে ফাঁকা কক্সবাজার, পর্যটন ব্যবসায় ধাক্কা


