দিনাজপুরের কাহারোল উপজেলার ১নং ডাবর ইউনিয়নের চানদুয়ারি গ্রামের ৩নং ওয়ার্ডে ব্র্যাক সিড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এর আয়োজনে বায়োপেস্টিসাইড ব্যবহার বিষয়ে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
টেকসই কৃষি ব্যবস্থা, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে আয়োজিত এ কর্মশালায় স্থানীয় কৃষক ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
গতকাল বিকেল ৫টায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, বায়োপেস্টিসাইডের ব্যবহার কৃষিতে রাসায়নিক কীটনাশকের ওপর নির্ভরতা কমায়, মাটির স্বাস্থ্য রক্ষা করে এবং নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কৃষকদের পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি গ্রহণে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. খালিদ ইবনে আনোয়ার, অফিসার (কিউএমএস)। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ব্র্যাক সিড অ্যাগ্রো এন্টারপ্রাইজের রিজিওনাল সেলস ম্যানেজার কৃষিবিদ মোফাখায়রুল ইসলাম। তিনি কৃষিতে আধুনিক ও নিরাপদ প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব তুলে ধরে বায়োপেস্টিসাইডের বিভিন্ন উপকারিতা সম্পর্কে আলোচনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. মাসুদ আলম। তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, উৎপাদন বৃদ্ধি ও পরিবেশ রক্ষার স্বার্থে বায়োপেস্টিসাইড ব্যবহারের বিকল্প নেই। এ ধরনের সচেতনতামূলক কর্মশালা কৃষকদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।
কর্মশালায় বক্তারা কৃষিতে নিরাপদ ও টেকসই উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করতে বায়োপেস্টিসাইড ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন এবং কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ ও পরামর্শ গ্রহণের আহ্বান জানান।
পড়ুন : মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে বৃদ্ধ মা খুন


