বিশ্বকাপ শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে দারুণ আত্মবিশ্বাস অর্জন করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে মাঠের এই সাফল্যের পাশাপাশি দলটিকে একটি অস্বস্তিকর পরিস্থিতিরও মুখোমুখি হতে হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার ত্রুটির কারণে আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের পাসপোর্ট-সংক্রান্ত তথ্য প্রকাশ্যে চলে এসেছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের জর্ডান-হেয়ার স্টেডিয়ামে অনুষ্ঠিত আর্জেন্টিনা-আইসল্যান্ড প্রীতি ম্যাচের আগে সংবাদমাধ্যমের কাছে সরবরাহ করা খেলোয়াড় তালিকায় পাসপোর্ট নম্বরও যুক্ত ছিল। সাধারণত এ ধরনের ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য প্রকাশের আগে তা আড়াল করে দেওয়া হয়। তবে এ ক্ষেত্রে সেই সতর্কতা অনুসরণ করা হয়নি।
প্রকাশিত তালিকায় অধিনায়ক লিওনেল মেসিসহ আর্জেন্টিনা দলের সব সদস্যের তথ্য ছিল বলে জানা গেছে। বিষয়টি নিয়ে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের বক্তব্য জানার চেষ্টা করছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত আয়োজক কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট কোনো পক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
অন্যদিকে, বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি পর্ব সফলভাবেই শেষ করেছে লিওনেল স্কালোনির দল। হন্ডুরাসের পর আইসল্যান্ডকেও হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় তারা। প্রায় ৮৮ হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ম্যাচে ৩-০ গোলের ব্যবধানে জয় পায় আলবিসেলেস্তেরা।
চোট কাটিয়ে ফেরা মেসি ম্যাচের ৬৯তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন। মাঠে নামার দুই মিনিটের মধ্যেই পেনাল্টি থেকে গোল করে দলের ব্যবধান বাড়ান তিনি। এর আগে ভ্যালেন্টিন বার্কোর গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। পরে থিয়াগো আলমাদার গোল জয়কে আরও নিশ্চিত করে।


