টাঙ্গাইলের ভূঞাপুর তালুকদার সিরাজ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সেলিমুজ্জান সেলু। অভিযোগ রয়েছে সেলিমুজ্জান সেলু বিদ্যালয়ে না গিয়েই ২৩ বছর ধরে নিয়মিত বেতন নিচ্ছেন। সরকার পরিবর্তনের পর বর্তমানে বিএনপি’র প্রভাব খাটিয়ে তিনি নিজ বাসাতেই বিদ্যালয়ের সকল কার্যক্রম করছেন। এতে ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষক ও স্থানীয়রা।
সংশ্লিষ্ট্য সূত্রে জানা যায়, ১৯৯৫ সালে জানুয়ারি মাসে প্রতিষ্ঠিত হয় তালুকদার সিরাজ আলী উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ নেন ভূঞাপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সেলিমুজ্জান সেলু। পরবর্তীতে বিদ্যালয়টি ২০০৩ সালের জানুয়ারি মাসে এমপিও ভুক্ত হয়। বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিএনপি’র নেতা সেলু নিয়মিত বিদ্যালয়ে যান না। বিগত আওয়ামী লীগ সরকারের সময় উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের ম্যানেজ করে নিয়মিত বেতন উত্তোলন করতেন বলে অভিযোগ এলাকাবাসীর। তার আপন বড় ভাই শাহ আলম তালুকদার দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের সভাপতি’র দায়িত্ব পালন করছেন। যার ফলে প্রভাব খাটিয়ে তিনি নিয়মিত বিদ্যালয়ে না গিয়েই বাসাতেই অফিস করছেন।
সংশ্লিষ্ট্য সূত্র জানায়, সেলিমুজ্জান সেলু ২০০৩ সালে উপজেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক ছিলেন। পরবর্তীতে তিনি ২০০৯ সালে যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের পর থেকে এখন পর্যন্ত সেলু উপজেলা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
এদিকে সরকার পতন হওয়ার পর ২০২৪ সালে ৭ সেপ্টেম্বর প্রভাব খাটিয়ে তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি’র এডহক কমিটি গঠন করেন। এডহক কমিটিতে সেলিমুজ্জান সেলু ৬ মাসের জন্য সভাপতি নির্বাচিত হন। এডহক কমিটি ৬ মাসের মধ্যে নির্বাচন দেয়ার কথা থাকলেও তা করতে পারেনি। পরবর্তীতে এডহক কমিটি আবারো মেয়াদ বাড়ায়। নির্বাচন না দিয়েই ১ বছর ৮ মাস পার বেশি সময় ধরে সেলিমুজ্জান সেলু এডহক কমিটি’র সভাপতির দায়িত্ব পালন করছেন।
একাধারে সেলিমুজ্জান সেলু উপেজলা বিএনপি’র সাধারণ সম্পাদক, তালুকদার সিরাজ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি’র সভাপতি’র দায়িত্ব পালন করছেন।
এদিকে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রণীত খসড়া আচরণবিধি অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষক-কর্মচারী প্রত্যক্ষভাবে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকতে, রাজনৈতিক পদ গ্রহণ করতে বা রাজনৈতিক আন্দোলনে অংশ নিতে পারবেন না। যদি কোনো প্রধান শিক্ষক সরাসরি রাজনীতিতে যুক্ত হন বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করেন, তবে তা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার অধীনে অসদাচরণ হিসেবে গণ্য হবে এবং চাকরি থেকে বরখাস্ত বা অপসারণের মতো কঠোর শাস্তির মুখোমুখি হতে পারেন। কিন্ত সেই নির্দেশনা উপেক্ষা করেই উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সেলিমুজ্জান সেলু প্রধান শিক্ষকদের দায়িত্ব পালন করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক বলেন, বিশেষ প্রোগ্রাম ছাড়া সেলিমুজ্জান সেলু বিদ্যালয়ে আসেন না। বিদ্যালয়ের যত দাপ্তরিক কাজ আছে তার বাসা থেকেই করেন।
বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী ও অভিভাবক বলেন, বিগত সরকারের আমলে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের ছায়াতলে থেকে বিদ্যালয়ের নিয়মিত বেতন উত্তোলন করত। এখন সরকার পরিবর্তন হলেও বিএনপি’র নেতা হিসেবে ক্ষমতার দাপটে বিদ্যালয়ে না গিয়ে নিয়মিত বেতন উত্তোলন করছেন। এতে সরকারি অর্থের যেমন ক্ষতি করছে তেমনি এলাকার কোমলমতি ছাত্র ছাত্রীদের ভবিষ্যত নিয়েও প্রভাব পড়ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম বলেন, সেলিমুজ্জান সেলু বিগত সরকারের আমলেও প্রধান শিক্ষক ছিলেন, বর্তমান সরকারের আমলেও প্রধান শিক্ষকদের দায়িত্ব পালন করছেন। ঈদের ছুটিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মাত্র খুলেছে। বিষয়টি নিয়ে একাডেমি সুপারভাইজারকে পরিদর্শন করতে বলেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এ প্রসঙ্গে উপজেলা বিএনপি’র সভাপতি গোলাম মোস্তফা বলেন, যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান যদি দলের নেতাও হয় তবু তাকে অবশ্যই তার দায়িত্ব পালন করতে হবে। আর যদি দায়িত্ব পালন না করে সেই দায়বার দল নিবে না।
এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষক সমিতি’র জেলা শাখার একাংশের সভাপতি আব্দুল কাদের বলেন, ভূঞাপুর এডহক কমিটি করতে আমাদের কাছে কোন অনুমোদন নেননি।
এ প্রসঙ্গে মাধ্যমিক শিক্ষক সমিতি’র জেলা শাখার আরেক অংশের সভাপতি শামিম আল মামুন জুয়েল বলেন, প্রথম পর্যায়ে ৬ মাসের জন্য এডহক কমিটি গঠন করা হয়। পরবর্তীতে নির্বাচন করতে না পারায় আবারো কমিটির মেয়াদ বাড়ানো হয়। কিন্ত কেনো নির্বাচন হয়নি এ ব্যাপারে তিনি সঠিক সদোত্তর দিতে পারেনি।
এ বিষয়ে সেলিমুজ্জামান সেলু বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। কমিটির ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি সরাসরি এসে কথা বলতে বলেন।
এ ব্যাপারে জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা বলেন, বিষয়টি সম্পর্কে অবগত হলাম। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
পড়ুন:টানা ১০ ঘণ্টা যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
দেখুন:জমি বিক্রি করে ৭.৫ কি. মি. জার্মান পতাকা বানালেন আমজাদ!
ইমি/


