২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মোবাইলের সিম কার্ডের ওপর আরোপিত কর প্রত্যাহারের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে এই প্রস্তাব করেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে আইসিটি ও টেলিকম একটি বিপুল সম্ভাবনাময় সেক্টর। এই সেক্টর আগামী দিনে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হতে পারে। অথচ, দেশের জিডিপিতে এই খাতের অবদান মাত্র ১ থেকে ২ শতাংশ। যথাযথ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে আগামী ৫ বছরে তা ১০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, ইতোমধ্যে দেশব্যাপী সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও উচ্চগতির ইন্টারনেট নিশ্চিতে সরকার সংস্কার কার্যক্রম শুরু করেছে। এ লক্ষ্যে প্রথম ১০০ দিনের মধ্যে দেশের সব বিমানবন্দর ও ৭টি রেলওয়ে স্টেশনসহ আন্তঃনগর ট্রেনে বিশ্বমানের উচ্চগতির ফ্রি ইন্টারনেট সুবিধা চালু করা হয়েছে। যার সুফল ইতোমধ্যে জনগণ পেতে শুরু করেছে।
অর্থমন্ত্রী বলেন, সরকার গত ৪ মাসে ৪১ লাখ নতুন ফোর-জি মোবাইল সংযোগ এবং ৪ লাখ উচ্চগতির ব্রডব্যান্ড সংযোগ প্রদান করেছে। এই খাতের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে সরকার বেশকিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এর আওতায় আগামী ২ বছরের মধ্যে দেশের ৯০ শতাংশ জনগণের কাছে ফাইভ-জি সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে সব মোবাইল অপারেটর ও সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনদের নিয়ে কার্যক্রম শুরু হয়েছে।
এ সময় তথ্য-প্রযুক্তি খাতের সম্ভাবনা বিবেচনায় কর কমানোর উদ্যোগের অংশ হিসেবে সাধারণ মানুষের কাছে মোবাইল সেবা আরও সহজলভ্য করতে প্রতিটি মোবাইল সিমের ওপর আরোপিত ৩০০ টাকা হারে কর সম্পূর্ণরূপে প্রত্যাহারের প্রস্তাব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
পড়ুন : যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে পাল্টা হামলার দাবি আইআরজিসির


