আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। তবে টুর্নামেন্টের প্রথম ম্যাচের আগে দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার নিকোলাস তালিয়াফিকো ও নিকোলাস গঞ্জালেসের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এতে কোচ লিওনেল স্ক্যালোনির দুশ্চিন্তাও বেড়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, ডিফেন্ডার নিকোলাস তালিয়াফিকো এখনও চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি। অন্যদিকে নিকোলাস গঞ্জালেস ভুগছেন পেশিতে অতিরিক্ত চাপজনিত সমস্যায়। এ কারণে বুধবারের মূল অনুশীলনে অংশ না নিয়ে তারা পৃথকভাবে অনুশীলন করেছেন।
তবে আপাতত এই দুই খেলোয়াড়ের কেউই বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার ঝুঁকিতে নেই। যদিও আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে তালিয়াফিকোর শুরুর একাদশে থাকা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
হন্ডুরাসের বিপক্ষে সর্বশেষ প্রস্তুতি ম্যাচে প্রথম একাদশে খেলেছিলেন তালিয়াফিকো। কিন্তু আইসল্যান্ডের বিপক্ষে পরবর্তী ম্যাচে তাকে বদলি বেঞ্চেও দেখা যায়নি। বিষয়টি তার শারীরিক অবস্থার সঙ্গে সম্পর্কিত বলেই ধারণা করা হচ্ছে। ফলে রক্ষণভাগে তার অনুপস্থিতি দলকে কিছুটা ভাবনায় ফেলেছে।
আর্জেন্টিনার গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, তালিয়াফিকোর চোট গুরুতর নয়। তারপরও আগামী কয়েক ঘণ্টার মধ্যে তার শারীরিক অবস্থার আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে। সন্তোষজনক উন্নতি হলে বিশ্বকাপ দলে তার জায়গা নিয়ে কোনো শঙ্কা থাকবে না।
অন্যদিকে, নিকোলাস গঞ্জালেসের অবস্থাও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে টিম ম্যানেজমেন্ট। কারণ, তিনি এর আগেও চোটের কারণে ভুগছিলেন। পেশির ছিঁড়ে যাওয়ার সমস্যার পর যুক্তরাষ্ট্রে দলের ক্যাম্পে যোগ দিলেও পুরোপুরি ফিট ছিলেন না তিনি।
আইসল্যান্ডের বিপক্ষে মাঠে ফেরার পর আবারও কিছুটা অস্বস্তি অনুভব করেন গঞ্জালেস। তবে প্রাথমিক মূল্যায়নে এটি গুরুতর কোনো সমস্যা নয়; সাধারণ পেশির সংকোচন বলেই মনে করা হচ্ছে।
এদিকে স্কোয়াডে ইতোমধ্যে একটি পরিবর্তন এনেছেন কোচ লিওনেল স্ক্যালোনি। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া লিওনার্দো বালের্দির পরিবর্তে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে মার্কোস সেনেসিকে।
পড়ুন: এবারের বাজেট অর্থনৈতিক পুনরুদ্ধারে নতুন সরকারের বড় সুযোগ : সিপিডি
আর/


