শিশুদের দেশের সম্পদ হিসেবে গড়ে তুলতে হলে তাদের যথাযথ শিক্ষা ও দিকনির্দেশনা দিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি করে তাদের এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে ভবিষ্যতে তারা দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।
শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও শহরের শহিদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘তরুণ মেধার বিকাশ, উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ’ প্রতিপাদ্যে বাংলাদেশ-চীন মৈত্রী উদ্যোগের আওতায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার শিশুদের শিক্ষার মানোন্নয়ন ও তাদের উন্নয়নে কাজ করছে। শিক্ষার্থীদের জন্য পোশাক, সহশিক্ষা উপকরণ ও শিক্ষা কিট বিনামূল্যে বিতরণের মতো উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিযোগিতামূলক পরিবেশে শিক্ষার্থীদের সক্ষম করে তুলতে প্রশিক্ষণ কার্যক্রম চালুর কথাও বলা হয়েছে।
শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশে তিনি পুনরায় বলেন, শিশুদের এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা দেশের সম্পদে পরিণত হতে পারে এবং ভবিষ্যতে দেশের জন্য অবদান রাখতে পারে।
চীনের রাষ্ট্রদূতের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফখরুল বলেন, চীন একটি উন্নয়নশীল ও দ্রুত অগ্রসরমান দেশ, যারা বিভিন্ন দেশের উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা করছে এবং বাংলাদেশের উন্নয়নেও সহায়তা দিচ্ছে।
তিনি আরও জানান, চীনের রাষ্ট্রদূত জানিয়েছেন, চলতি ও আগামী বছরের মধ্যে বাংলাদেশে কলকারখানা স্থাপনের সম্ভাবনা যাচাইয়ে একটি প্রতিনিধিদল আসবে। পাশাপাশি ঠাকুরগাঁওয়ের কৃষি সম্ভাবনা যাচাইয়ে জুলাই-আগস্টে আলাদা একটি দল জেলায় পরিদর্শনে আসবে। চীনের পক্ষ থেকে প্রতি বছরই বাংলাদেশের জনগণের জন্য সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।
পড়ুন: বিশ্বকাপ শুরুর আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ
আর/


