শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশের লক্ষ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলা পর্যায়ে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে মুন্সীগঞ্জের প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করা হয়। উপজেলার ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক এ প্রদর্শনীতে অংশ নেন। মেলায় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রকল্প, স্টার্টআপ পরিকল্পনা এবং প্রযুক্তিনির্ভর নতুন নতুন ধারণা উপস্থাপন করেন। এসব প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া দেখতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মো. মাসুদুর রহমান। তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন।
এ সময় তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও উদ্যোক্তা হতে উদ্বুদ্ধ করবে। শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা ও গবেষণামুখী মানসিকতা গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মুন্সীগঞ্জ সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী প্রদর্শনী শেষে বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে সেরা বিজ্ঞান প্রকল্প, স্টার্টআপ পরিকল্পনা ও উদ্ভাবনী ধারণা উপস্থাপনকারী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।
পড়ুন : গাইবান্ধায় ঘোড়া জবাই করে মাংস পাচারের চেষ্টার সময় ছয়জনকে আটক করে স্থানীয়রা


